শিশুখাদ্য ও মুড়িতে ভেজাল পাওয়ায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ২০:৪২ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে শিশুখাদ্যে ভেজাল ও অপরিশোধিত লবণে মুড়ি তৈরি করার কারণে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অনুমোদনবিহীন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ এর তারিখ বিহীন শিশু খাদ্য বিক্রয় এবং সংরক্ষণ করার অপরাধে তপাদার স্টোরের মালিককে ১০ হাজার টাকা এবং মুড়ি তৈরিতে অপরিশোধিত লবণ ব্যবহার ও প্যাকেজিংয়ের স্থান যথাযথ না হওয়ায় বরকত ভান্ডার মালিককে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় অনুমোদনহীন ক্ষতিকর রং দিয়ে তৈরি করা শিশু খাদ্য ধ্বংস করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
