বীরগঞ্জে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ২০:৫০ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাটের গ্রীষ্মকালীন উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে বীরগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

তিনি বিতরণকালে বলেন, বর্তমান সরকার কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য বিনামূল্যে প্রণোদনা কর্মসূচির আওতায় সার, বীজসহ বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে যাচ্ছেন।

বীরগঞ্জ উপজেলায় ১,০৫০ জন কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি করে মোট ৫,২৫০ কেজি ধানের বীজ, ডিএপি ১০ কেজি করে মোট ১০,৫০০ কেজি এবং এমওপি ১০ কেজি করে মোট ১০,৫০০ কেজি বিতরণ করা হয়েছে।

পাট চাষিদের প্রতি জনকে ১ কেজি করে মোট ২৫০ কেজি পাট বীজ, ৫ কেজি করে ডিএপি মোট ১,২৫০ কেজি এবং এমওপি ৫ কেজি করে মোট ১,২৫০ কেজি বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুবিধাভোগী কৃষকরা এবং বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেন।

এক সাক্ষাৎকারে বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম বলেন, কৃষকদের বিভিন্ন ধরনের ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরামর্শ ও সেমিনারের মাধ্যমে দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।