মুন্সীগঞ্জে অবৈধ অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ২১:১৪ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ছোট মাকহাটি এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ছোট মাকহাটি গ্রামের গাজী বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় মাকহাটি এলাকার মো. রাসেল শিকদার (৪৩)কে আটক করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে একই বাড়ির মালিক শুভ গাজী (৩৭)-কে আটক করা হলে তার কাছ থেকে আরও ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানের এক পর্যায়ে বাড়ির একটি কক্ষে অবস্থানরত আল আমিন মাঝি (৩২)-কে আটক করা হয়। এ সময় তার কোমর থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই কক্ষ থেকে একটি দেশীয় পাইপগানও উদ্ধার করা হয়।

এছাড়া বাড়ির বিভিন্ন স্থান তল্লাশি করে ছুরি, দা, হাতুড়ি ও লোহার পাইপসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, “গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত আল আমিন মাঝি একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী এবং একটি হত্যা মামলার পলাতক আসামি। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে অস্ত্রসহ অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”