রসিকে প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন ৮৫৫ পরিচ্ছন্নতা কর্মী

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ২১:৪৯ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দেওয়া ঈদ উপহার হিসেবে নগদ ৫ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে। রসিকে মোট ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেককে ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে মোট ৪২ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রসিক চত্বরে এ ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসিকের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন।

এ সময় রসিক প্রশাসক বলেন, নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিরলস পরিশ্রমের ফলেই রংপুর নগরী প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। ঈদ উপলক্ষে তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ গ্রহণ করেছেন। সেই উদ্যোগের কারণে পরিচ্ছন্ন কর্মীদের আনন্দে নতুন মাত্রা যোগ করতে পেরে আমরা আনন্দিত।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা নগর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাদের কল্যাণ ও মর্যাদা নিশ্চিত করতে রসিক সব সময় কাজ করে যাচ্ছে। তাদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন আছেন, তেমনি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আমিও পাশে আছি এবং যতদিন থাকবো ততদিন পাশে থাকবো। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এদিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫ হাজার করে টাকা পেয়ে আনন্দিত পরিচ্ছন্নতা কর্মীরা। তারা প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর মহানগরের সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, রসিকের নির্বাহী কর্মকর্তা (অ.দা.) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাসসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।