চন্দ্রা টার্মিনালে যানবাহনের জটলা, ৮ কিলোমিটারজুড়ে ধীরগতি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১৪:০৩ | অনলাইন সংস্করণ

ঈদকে সামনে রেখে টানা তৃতীয় দিনের মতো ঘরমুখী মানুষের চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। প্রিয়জনদের সঙ্গে উৎসব উদযাপনের লক্ষ্যে মানুষের এই ঢল উত্তরাঞ্চলের প্রবেশপথ চন্দ্রা টার্মিনাল এলাকায় বাড়তি ভিড় সৃষ্টি করেছে। যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সেখানে জটলা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে পুরো মহাসড়কে। ফলে প্রায় ৮ কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
বুধবার দুপুরের পর থেকেই চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের ভিড় আরও বাড়তে শুরু করে। দূরপাল্লার বাসগুলো যাত্রী তুলতে টার্মিনালে থামায় সেখানে বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে, যা সামগ্রিক যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, চন্দ্রা বাস টার্মিনালের শেষ প্রান্ত খাড়াজোড়া এলাকায় সড়কের ওপর বাস থামিয়ে যাত্রী তোলা হচ্ছে। এর ফলে সফিপুর আনসার একাডেমি এলাকা থেকে চন্দ্রার উড়ালসড়ক পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কে যানবাহন থেমে থেমে চলতে দেখা গেছে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
এ বিষয়ে গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম জানান, কয়েকদিন ধরেই চন্দ্রা এলাকায় যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে। উত্তরাঞ্চলে প্রবেশের প্রধান সড়ক হওয়ায় এখানে চাপ বেশি থাকাটা স্বাভাবিক। বাসগুলো স্টেশনে থামিয়ে যাত্রী তোলা এবং সড়কের ওপর যাত্রীদের অবস্থানের কারণে কিছুটা ধীরগতি তৈরি হয়েছে।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিন শতাধিক পুলিশ সদস্য কাজ করছেন এবং আগের বছরের তুলনায় ভোগান্তি কম বলে তিনি দাবি করেন।
