ঈশ্বরগঞ্জে ঈদের আমেজ: শেষ মুহূর্তের সাজে সেলুনগুলোতে উপচে পড়া ভিড়
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১৭:২৪ | অনলাইন সংস্করণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উৎসবের আমেজ এখন তুঙ্গে। নতুন পোশাক কেনাকাটার পাশাপাশি নিজেকে পরিপাটি করে সাজিয়ে নিতে ঈশ্বরগঞ্জের সেলুনগুলোতে শুরু হয়েছে উপচে পড়া ভিড়। ভোরের আলো ফুটতেই শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলছে কাঁচি আর ট্রিমারের অবিরাম শব্দ।
মঙ্গলবার (১৭ মার্চ) ঈশ্বরগঞ্জ পৌর বাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার ঘুরে দেখা গেছে, ছোট-বড় প্রতিটি সেলুনেই তিল ধারণের ঠাঁই নেই। কেউ এসেছেন চুল কাটাতে, কেউ দাড়ি কামাতে, আবার কেউ আসছেন ফেশিয়াল কিংবা চুলে কালার করতে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভিড় সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় গ্রাহক মহিউদ্দিন বলেন,“ঈদ বলে কথা, নিজেকে একটু গুছিয়ে নিতে চাই। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু ভিড় এত বেশি যে দ্রুত সেবা পাওয়া কঠিন।”
পৌর বাজারের স্প্লেন্ডিডো সেলুন মালিক মাসুদ পারভেজ নান্টুসহ একাধিক সেলুন মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক দিন ধরেই কাজের চাপ অনেক বেড়ে গেছে। অনেক জায়গাতেই আগে থেকে সিরিয়াল দিয়ে রাখতে হচ্ছে। ভিড় সামলাতে অনেক মালিক বাড়তি কারিগর নিয়োগ করেছেন। কোনো কোনো সেলুনে সেহরি খাওয়ার পরও কাজ চলছে বিরতিহীনভাবে।
এদিকে কারিগররা জানান, বছরের অন্যান্য সময়ের চেয়ে ঈদের এই কয়েক দিন তাদের আয় অনেক বেশি হয়। সারাদিন হাড়ভাঙা খাটুনি হলেও ঈদের বাড়তি উপার্জনের আশায় তাদের মুখে ক্লান্তি নেই।
ঈদ মানেই নতুন পোশাকের পাশাপাশি পরিচ্ছন্ন ও পরিপাটি লুক। আর সেই চাহিদাকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জের সেলুনগুলোতে এখন যেন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কাঁচির ঝনঝন শব্দ আর ব্যস্ততার মধ্যেই ফুটে উঠছে ঈদের আগাম আনন্দ।
