মহাসড়কে যানবাহনের চাপ, তবু স্বস্তিতে ঈদে ঘরমুখো মানুষ
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০১:৫৩ | অনলাইন সংস্করণ
এস. এম. তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের মানুষ নাড়ির টানে বাড়ি ফিরছে। এতে যমুনা সেতু পশ্চিমপাড়ের মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে চাপ বাড়লেও নেই যানজট। এতে স্বস্তিতে বাড়ি ফিরছেন ঈদে ঘরমুখো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বেড়েই চলছে। স্বাভাবিক গতিতেই চলাচল করছে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন। এছাড়া ট্রেনেও অন্যরকম আনন্দে এবার মানুষ ঘরে ফিরছে।
দূরপাল্লার বাস চালকরা জানান, মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই। এতে যাত্রীরা আরাম আয়েশে বাড়ি ফিরছেন। বিশেষ করে যমুনা সেতু পশ্চিমপাড়ে ফোর লেন রাস্তা চালু হয়েছে। এ কারণে যাত্রীরা ভালো সেবা পাচ্ছেন। এছাড়া মহাসড়ক জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান এবং সেইসাথে টহল জোরদার করায় সকল যানবাহন চালকরা খুশি।
এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিনুণ ইসলাম ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন আলোকিত বাংলাদেশকে জানান, ঈদ আনন্দে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। তবে মঙ্গলবার ভোররাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ অনেক বাড়ছে। এ যানবাহনের চাপ বাড়লেও স্বস্থিতে ঈদ ঘরমুখো মানুষ বাড়ি ফিরছেন।
তারা আরও জানান, ইতিমধ্যেই পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু’র দিকনির্দেশনায় মহাসড়কজুড়ে পুলিশের অবস্থান ও টহল জোরদার করা হয়েছে। এছাড়া মহাসড়কের কোথাও যেন ডাকাতি ছিনতাই না ঘটে সে বিষয়ে পুলিশের একটি বিশেষ দল কাজ করছেন এবং ৬ শতাধিক পুলিশ সদস্য জেলার মহাসড়কে রাতদিন কাজ করছে।
এমনকি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিয়মিত মহাসড়ক পরিদর্শন ও বিশেষ টহলে অংশ নিচ্ছেন বলে তারা উল্লেখ করেন।
