ভাঙ্গায় ঈদের নামাজ শেষে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২৫
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১৬:২৬ | অনলাইন সংস্করণ

ফরিদপুরের ভাঙ্গায় ঈদের নামাজ শেষে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। শনিবার (২১ মার্চ) সকালে উপজেলার গোপীনাথপুর ও ছোট হামেরদী গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপীনাথপুর গ্রামের কুদ্দুস মুন্সীর সমর্থকরা স্থানীয় একটি দোকানে বসে চা খাচ্ছিল। একই সময় ছোট হামেরদী গ্রামের লিটন মাতুব্বরের লোকজন ওই দোকানে যায়। এ সময় দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে রাতেই টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় তারা। সেই জের ধরে আজ সকালে ঈদের জামাত শেষে দেশীয় অস্ত্র নিয়ে আবার সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। ৩০/৪০টি বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি লুট করা হয় ১২টি গবাদিপশু। আহত হয় উভয় পক্ষের অন্তত ২৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দুই জনকে।
