চুয়াডাঙ্গায় দু'গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, খবর শুনে স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১১:৩৫ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিমুল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার ছত্রপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাত ৭টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিমুলের মৃত্যু হয়।

নিহত শিমুল ওই গ্রামের লাবু হোসেনের ছেলে।

এদিকে শিমুলের মৃত্যুসংবাদ শুনে একই গ্রামে নাজিমুদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ হোঁচট খেয়ে পড়ে যান এবং স্ট্রোকজনিত কারণে মারা যান বলে জানা গেছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, আলমডাঙ্গা ছত্রপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে হৃদয় ঢাকাতে অবস্থানরত অবস্থায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। এরই জের ধরে গ্রামে পক্ষ বিপক্ষ তৈরি হয়। ঈদের দুই দিন আগে হৃদয় ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। এরপর গ্রামে উত্তেজনা তৈরি হয়। ঈদের দিন শনিবার সকাল থেকেই কথা কাটাকাটি হয় হান্নান ও জাহাঙ্গীর গ্রুপের লোকজনের মধ্যে। বিকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে শিমুল নামের এক যুবক গুরুতর আহত হন। তাকে পরিবারের সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা রাতে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সংঘর্ষের ঘটনার সংবাদ শুনে হোঁচট খেয়ে পরে স্ট্রোক করে একই গ্রামের নাজিমুদ্দিন নামের এক বৃদ্ধ মারা যায়। এ ঘটনায় কোনো মামলা হয়নি।