কিশোরগঞ্জে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে হচ্ছে দেড় কিলোমিটার খাল খনন

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১৯:২২ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

‘আপনি হাত লাগালেই বদলে যাবে দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে শত বছরের পুরনো দেড় কিলোমিটার খামা খাল খনন করছে এলাকাবাসী।

সোমবার (২৩ মার্চ) সকাল থেকে উপজেলার খামা এলাকায় এই খাল খনন কর্মসূচি শুরু করেছে খালটির আশেপাশের এলাকার কয়েকশ মানুষ। কোদাল দিয়ে খনন করার পাশাপাশি রয়েছে এস্কেভেটরও।

দীর্ঘদিন ধরে পলি জমাট হয়ে খালটি ভরাট থাকায় এর সুবিধা থেকে বঞ্চিত এলাকার লোকজন।

খালটি খনন হলে খামা বিল থেকে গোলডুবা বিল পর্যন্ত পানি চলাচল স্বাভাবিক হবে। খালের পানির মাধ্যমে আশপাশের কয়েক হাজার হেক্টর কৃষি জমি আসবে সেচের আওতায়। এছাড়াও বাড়বে দেশীয় মাছের উৎপাদন।

খালটি সম্পূর্ণ খনন শেষ না হওয়া পর্যন্ত এক নাগাড়ে এ কর্মসূচি চলবে বলে জানায় এলাকাবাসী।