ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ২০:০২ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১২টার দিকে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা পৌর শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রেলগেট অতিক্রম করার সময় বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় প্রকাশ্য গুলি ও ককটেল হামলার ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হয়। সংঘর্ষের এক পর্যায়ে বিগত নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনের প্রধান কার্যালয়ে ভাঙচুর করে। এসময় কার্যালয়ের সামনে থাকা দলীয় নেতাকর্মীদের ১৫-২০টি মোটর সাইকেল অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে ইটের আঘাতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) প্রবণ কুমার ও ঈশ্বরদী থানার এসআই আতাউল ইসলাম আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
হাবিবুর রহমান হাবিবের সমর্থক মাহাবুর রহমান পলাশ বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর সমর্থকরা ঈদের আগের রাতে পৌর শহরের ফতেহমোহাম্মদপুর এলাকায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটে ঘটনা ঘটায়। এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা ২৩ মার্চ (মঙ্গলবার) দুপুরে শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রেলগেট অতিক্রম করার সময় জাকারিয়া পিন্টুর সমর্থকরা বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামলসহ ১৫ জন আহত হন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মোস্তফা নূরে আলম শ্যামলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
জাকারিয়া পিন্টুর ছোট ভাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবণ কুমার জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণের সময় ইটের আঘাত তিনি এবং থানার এসআই আতাউল ইসলাম আহত হন।
