গজারিয়ায় হঠাৎ জ্বালানি তেল সংকট

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ২২:০২ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় হঠাৎ জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। উপজেলার বেশির ভাগ পাম্পে তেল নেই, ফলে অনেক পাম্পের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে পরিবহন খাতসহ সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে চরম ভোগান্তির মুখে পড়েছেন।

সোমবার (২৩ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে দেখা যায়, পাম্পে তেল না থাকার নোটিশ ঝুলছে। গাড়ি চালকরা তেলের আশায় এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন। তবে দু-একটি পাম্পে সীমিত পরিসরে তেল পাওয়া যাচ্ছে। সেই খবর ছড়িয়ে পড়তেই সেখানে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। কেউ কেউ হেলমেট হাতে লাইনে অপেক্ষা করছেন, আবার কেউ মোটরসাইকেল ঠেলে এগিয়ে নিচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে পাম্প কর্তৃপক্ষকেও হিমশিম খেতে হচ্ছে। এমতাবস্থায় সাধারণ মানুষ ও জরুরি কাজে বের হওয়া যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় মোটরসাইকেল চালক সামছুল ইসলাম বলেন, সকাল থেকে তিনটি পাম্প ঘুরেও অকটেন পাইনি। বাধ্য হয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে।

একই অভিযোগ করেন প্রাইভেটকার চালক মোতালেব সরকার। তিনি জানান, হঠাৎ সরবরাহ বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন।

এদিকে পাম্প মালিকরা জানান, ডিপো থেকে অকটেন সরবরাহ বন্ধ হওয়ায় তারা তেল দিতে পারছেন না। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

এর আগে গত রোববার রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজ থেকে দাবি করা হয়, নিরাপত্তাহীনতা ও জ্বালানি ঘাটতির কারণে দেশের সব পেট্রোল পাম্প যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

আনারপুরা এলাকায় জেএমআই ফিলিং স্টেশনের কর্মকর্তা বেলাল হোসাইন জানান, সরবরাহ সমস্যা এবং অভ্যন্তরীণ বিতরণ জটের কারণে তেল জোগানো সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, তেলের এই অপ্রত্যাশিত সংকটের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলোকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তিনি বলেন, জনগণের দৈনন্দিন যাতায়াত যাতে স্বাভাবিক থাকে, তার জন্য আমরা পাম্প গুলোতে জ্বালানি সরবরাহ দ্রুত নিশ্চিত করার চেষ্টা করছি।