বাড়তি দামে তেল বিক্রি: রাঙামাটিতে দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১৭:৫২ | অনলাইন সংস্করণ

  রাঙামাটি প্রতিনিধি

নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে রাঙামাটি জেলা শহরের একটি তেল দোকানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের কাঁঠালতলী এলাকার মেসার্স সাইমুন এন্টারপ্রাইজকে জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লিটারপ্রতি নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে মেসার্স সাইমুন এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং দোকানি নিজেই বাড়তি দামে তেল বিক্রির অভিযোগ স্বীকার করেন।

রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সৈয়দ আবু হুরাইরা আদর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালত অভিযানে গেলে মেসার্স সাইমুন এন্টারপ্রাইজ এর দোকানদার বাড়তি দামে তেল বিক্রির বিষয়টি স্বীকার করেন। এসময় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮ হাজার টাকা জরিমানা দণ্ড দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, দেশে জ্বালানি তেলের 'সংকট' দেখা দেওয়ার পর থেকেই রাঙামাটি জেলা শহরের মেসার্স সাইমুন এন্টারপ্রাইজ দোকানের সামনের ফটক রেখেই গোপনে বাড়তি তেল বিক্রি করে আসছে। ১২০ টাকা লিটারপ্রতি অকটেনের দাম হলেও নেয়া হচ্ছিল ১৩০ টাকা।