নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ২৮ দোকান পুড়ে ছাই
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৬:০৪ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও সুবর্ণচরে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২৮টি দোকান। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সুবর্ণচরের ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এতে ফল, মুদি, কোল্ড কর্নার, ওষুধসহ ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, বুধবার ভোরে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের হাসপাতাল গেট এলাকায় আরেকটি অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, এতে তাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
