গাছে উঠে অজ্ঞান যুবক, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৮:০২ | অনলাইন সংস্করণ

  ভোলা প্রতিনিধি

ভোলার মনপুরায় উঁচু গাছে উঠে ডাল কাটতে গিয়ে অজ্ঞান হয়ে যান জয়নাল আবেদীন (৩৫) নামের এক যুবক। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়।

বুধবার (২৫ মার্চ) সকালে মনপুরা মহিলা কলেজ সংলগ্ন গাছের ডাল কাটতে গিয়ে এ ঘটনা ঘটে।

জয়নাল আবেদীন উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর যতিন গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে তার বাড়ির পাশে মহিলা কলেজ সংলগ্ন এলাকায় একটি উঁচু গাছে ডাল কাটতে ওঠেন। ওই সময় বাতাসে গাছের ডালের আঘাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ অবস্থায় গাছেই আটকে ছিলেন তিনি। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে।

উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জয়নাল আবেদীনকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তিনি মোটামুটি সুস্থ আছেন।