দৌলতদিয়া ঘাটে ৪৫ যাত্রী নিয়ে নদীতে বাস, নিহত ২, জীবিত উদ্ধার ১১
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ২০:২১ | অনলাইন সংস্করণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। বাসটিতে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি পন্টুনে ওঠার চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গভীর পদ্মা নদীতে পড়ে দ্রুত তলিয়ে যায়।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ জানান, উদ্ধার করা দুই নারীর মরদেহ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর ১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন এবং তাদের মধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম শুরু হয়। পরে খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে বাসটি যেখানে ডুবে গেছে, সেখানে পানির গভীরতা বেশি হওয়ায় উদ্ধারকাজে জটিলতা দেখা দিয়েছে। ডুবুরি দলও উদ্ধার অভিযানে যুক্ত রয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, দৌলতদিয়া ও পাটুরিয়া ইউনিটের ডুবুরি দল ঘটনাস্থলে কাজ করছে। এখন পর্যন্ত পানির নিচে ডুবে যাওয়া বাসটি শনাক্ত বা উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন।
