ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৫, এখনো নিখোঁজ ৮

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১২:১৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আনুমানিক ৮ জন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৬০ ফুট গভীরে বাসটি ডুবে যায়। দীর্ঘ অভিযান শেষে রাত ১২টা ৩৮ মিনিটে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়। বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারী দল ও স্থানীয়দের সহায়তায় ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও ৫ জন নারী। তবে হাসপাতালে নেওয়ার পর দুই নারীকে মৃত ঘোষণা করা হয়।

বাসের ভেতর থেকে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৬ জন পুরুষ, ১১ জন নারী এবং ৫ জন শিশু (৪ ছেলে ও ১ মেয়ে) রয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। এর মধ্যে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে ২২ জন, স্থানীয়দের মাধ্যমে উদ্ধার হওয়া ২ জন হাসপাতালে মৃত ঘোষণা করা হয় এবং নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধার করেন ১ জন।

এখনো আনুমানিক ৮ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি দলসহ ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও ১০ জন ডুবুরি অংশ নেন। এছাড়া সেনাবাহিনী, পুলিশ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সদস্যরা যৌথভাবে কাজ করছেন।

এর আগে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩নং পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ওই বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।