রাঙ্গামাটিতে ইয়াবা ও নগদ টাকাসহ ৬ মাদক কারবারি আটক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ২০:২৮ | অনলাইন সংস্করণ
রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪১ হাজার টাকা উদ্ধারসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কোতয়ালী থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দীনের নেতৃত্বে একটি দল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলী ধোপাপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ওই এলাকার একটি বাসা থেকে সজল দাশ (৩৪), হৃদয় দাশ (২৫), সাইফুল ইসলাম (৩০), বৃন্দাবন বড়ুয়া (৩১), সুমন দাশ (৩৫) ও কাজল দাশ (২৬)-কে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং বিক্রির ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটক সজল দাশের বিরুদ্ধে পূর্বে ২৫টি, সুমন দাশের বিরুদ্ধে ১৩টি, হৃদয় দাশের বিরুদ্ধে ৪টি, সাইফুল ইসলামের বিরুদ্ধে ৫টি এবং বৃন্দাবন বড়ুয়ার বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।
এর আগে, দিবাগত রাতে একই অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আরও ১৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতয়ালী থানার ওসি মো. জসিম উদ্দীন বলেন, মাদকমুক্ত পর্যটন শহর গড়তে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদকের সঙ্গে জড়িত প্রভাবশালী চক্রকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
