কুমিল্লায় বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ২১:৩৬ | অনলাইন সংস্করণ

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামী হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে চারজন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের বোনের পরিবারের সদস্য।

নিহতরা হলেন ঝর্না বেগম (৪০), তার স্বামী মুফতি আব্দুল মমিন (৫০), তাদের মেয়ে লাবিবা (১৮) এবং ছেলে সাইফ (৭)। তারা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাতারপাইয়া এলাকার বাসিন্দা। এছাড়া নিহত অপর ব্যক্তি প্রাইভেট কারের চালক জামাল হোসেন, যার বাড়ি বরিশালে।

পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার পথে একটি প্রাইভেট কার কালাকচুয়া এলাকায় পৌঁছালে চট্টগ্রামগামী স্টার লাইন বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় চালক জামাল হোসেন ও যাত্রী আবরারকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। আহত আবরার বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও বাসটি আটক করেছে পুলিশ। ওসি আব্দুল মমিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।