দৌলতদিয়া ট্র্যাজেডি: ১ জন নিখোঁজের সন্ধানে অভিযান

বাসের রেজিস্ট্রেশন স্থগিত

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১৮:৪৪ | অনলাইন সংস্করণ

  কামাল হোসেন, রাজবাড়ী

রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে নিমজ্জিত হওয়ার ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। নিখোঁজ ব্যক্তির নাম রিপন। তার বাড়ি বালিয়াকান্দি উপজেলার শ্যামসুন্দরপুর গ্রামে। তবে তিনি দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী ছিলেন কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে টানা তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ১২ সদস্যের ডুবুরি দল।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, নিখোঁজের বিষয়ে তথ্য পাওয়া গেলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবুও সম্ভাব্য সব জায়গায় অনুসন্ধান চালানো হচ্ছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এ মর্মান্তিক দুর্ঘটনায় ইতোমধ্যে ২৬ জনের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর সৌহার্দ্য পরিবহনের বাসটির (রাজবাড়ী-ব-১১-০০২৪) রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মালিকপক্ষকে তিন কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত রাজবাড়ীর ১৮টি পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকা এবং আহত দুজনকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।