হাজীগঞ্জে ট্রলির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ১

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ২১:১৭ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

শ্যালো ইঞ্জিন দিয়ে তৈরি মুরগী বহনকারী ট্রলির সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিবরিয়া (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকার জাফর মেম্বার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে। আহত নারী রিনা বেগম (২৫) একই উপজেলার পিপলকরা এলাকার আবু সুফিয়ানের স্ত্রী। রিনাসহ অপর যাত্রীরা হাজীগঞ্জ থেকে সিএনজি স্কুটারে করে চাঁদপুর শহরে যাচ্ছিলেন।

রিনা বেগম জানান, আমাদের বহনকারী স্কুটারটি যেমনি জোরে চলছিল ঠিক তেমনি বিপরীত দিক থেকে আসা মুরগীর ট্রলিটি দ্রুত বেগে এসে সজোরে ধাক্কা দেয়। এতে আমরা যাত্রীরা সিএনজি থেকে ছিটকে দুই দিকে পড়ে যাই। এর মাঝে কিবরিয়া নামের একজন সড়কের উপরে পড়েন। সম্ভবত ট্রলির সাথে আঘাতের কারণে তার শরীর থেকে মাথাটি আলাদা হয়ে যায়।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন জানান, ঘটনার পর আমরা ছুটে এসে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই, তবে তাৎক্ষণিক কারো পরিচয় জানা সম্ভব হয়নি। আহতের মধ্যে সিএনজিচালিত স্কুটারের চালক রয়েছেন। ট্রলি ও সিএনজিচালিত স্কুটারটি আমরা আটকে রেখেছি, পুলিশ আসলে বুঝিয়ে দেওয়া হবে।

বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, ঘটনার পর পর আমি এখানে এসে দেখি হৃদয়বিদারক এক ঘটনা। আহত এক নারী রিনা আমাকে জানান, নিহত ব্যক্তির নাম কিবরিয়া। আমাদের গাড়ির সাথে মুরগি গাড়ির সংঘর্ষ ঘটে। এর পরে কি হয়েছে আমার মনে নেই।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর জব্বার জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।