৪ দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১৬:৫৮ | অনলাইন সংস্করণ
পাবনা প্রতিনিধি

চার দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার দুপুরে বঙ্গভবন থেকে হেলিকপ্টারে রওনা হয়ে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শাহজাহান, পাবনার জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টেডিয়াম থেকে পাবনা সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি। পরে তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও সুধীজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই রাষ্ট্রপতির নিজ জেলা পাবনায় প্রথম সফর। তার এই সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফুর রহমানের সই করা চিঠির অনুযায়ী, রোববার সকাল ১১টা ১০ মিনিটে পাবনা সদরের আরিফপুর গোরস্থানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
পরে সার্কিট হাউসে ফিরে তিনি রাত্রিযাপন করবেন। পরদিন সোমবার সকালে সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি।
মঙ্গলবার সফরের শেষ দিন সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে দুপুর ১২টায় হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।
