ঈদ শেষে ভোমরা স্থলবন্দরে ফের আমদানি-রপ্তানি শুরু

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১৭:৩৮ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে বাংলাদেশ-ভারত দুই দেশের বাণিজ্যিক এই কার্যক্রম শুরু হয়।

এর আগে, গত বুধবার (১৮ মার্চ) থেকে শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত টানা ১০ দিন ঈদের ছুটিতে বন্দরের সকল ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাধারণ সম্পাদক জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ আলোচনা করে সর্বসম্মতিক্রমে গত (১৮ মার্চ) থেকে শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত টানা ১০ দিন উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, ছুটি শেষে আবারও উভয় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হয়েছে। এর ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, আজ ২৮ মার্চ সকালে নতুন সূর্যের সঙ্গে ভোমরা বন্দর আবার ফিরে পেয়েছে তার চিরচেনা প্রাণচাঞ্চল্য।