কৃষকদের স্বাবলম্বী করাই সরকারের প্রধান লক্ষ্য: সমাজকল্যাণমন্ত্রী
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১৯:১৭ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কৃষককে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও স্বচ্ছল করা সরকারের প্রধান লক্ষ্য। আগামী ১৪ এপ্রিল থেকে সকল কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি শুরু করা হবে। এটি ফ্যামিলি কার্ডের মতো ধীরে ধীরে প্রতিটি উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে ধান ও পাট ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, পাট একসময় আমাদের গর্ব ছিল। কিন্তু সেই পাট অবহেলা বা সঠিক সিদ্ধান্তের অভাবে চাষে দুর্বলতা এসেছে। তাই পাটের হারানো গৌরব ফেরাতে কৃষকদের আরও বেশি পাট চাষে উৎসাহিত করতে হবে। পাট যত বেশি উৎপাদিত হবে, তা দেশের জিডিপি ও পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি জানান।
পরে ৮০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে মোট ৪ হাজার কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার মোট ৮ হাজার কেজি এবং ১০ কেজি করে এমওপি সার ৮ হাজার কেজি বিতরণ করা হয়। এছাড়া ২০ জন কৃষককে ১ কেজি করে মোট ২০ কেজি পাট বীজ, ৫ কেজি করে এমওপি মোট ১০০ কেজি এবং ৫ কেজি করে ডিএপি মোট ১০০ কেজি সার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর ইসলাম, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদ রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা।
এক সাক্ষাৎকারে হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরজেনা বেগম বলেন, কৃষকদের মাঝে সময়মতো সরকারি প্রতিটি প্রণোদনা পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
