বীরগঞ্জে বাড়িতে তেল মজুত রাখায় ৭ দিনের কারাদণ্ড

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১৯:৫২ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দেশে জ্বালানি তেল সংকটের মধ্যে দিনাজপুরের বীরগঞ্জে একটি বাড়িতে অবৈধভাবে মজুত করা ৩৮০ লিটার ডিজেল ও ৩৪ লিটার অকটেন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।

শনিবার বিকেলে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার সংলগ্ন একটি বাড়িতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।

দণ্ডপ্রাপ্ত হলেন—ধনগাঁও গ্রামের জগদিশ রায়ের ছেলে পরিতোষ রায় (২৭)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধনগাঁও গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। পরে ওই বাড়িতে জারকিন ও বোতলে রক্ষিত ৩৮০ লিটার ডিজেল ও ৩৪ লিটার অকটেন জব্দ করা হয়।

অবৈধভাবে বাড়িতে তেল মজুতের অভিযোগে পরিতোষ রায়কে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরে জব্দ করা তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয় এবং বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে তেল মজুত ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।