ঈশ্বরদীতে আহতের ৬ দিন পর অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টারের মৃত্যু

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ২১:৪৪ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ৬ দিন পর মৃত্যুবরণ করেছেন ঈশ্বরদী স্কুলপাড়ার অধিবাসী বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার নুরুজ্জামান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ শনিবার (২৮ মার্চ) ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি প্রতিকের বাবা ও শেখ আবুল বাকির বড় জামাই এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ পাভেল আকবরের ভগ্নিপতি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ দুপুরে মসজিদ থেকে যোহরের নামাজ পড়ে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত রিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় ছিটকে পড়েন।

এরপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।