ট্রেন দুর্ঘটনায় সাদুল্লাপুরের একই পরিবারের ৩ জনসহ নিহত ৫
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ২১:৪৮ | অনলাইন সংস্করণ
গাইবান্ধা প্রতিনিধি

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নিজপাড়া গ্রামে। একই গ্রামের পাঁচজনের একসঙ্গে মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
টাঙ্গাইলের কালিহাতীতে তাদের বহন করা যাত্রীবাহী বাসটির তেল ফুরিয়ে গেলে সেটি রেললাইনের বিপরীত দিকে পাকা রাস্তায় দাঁড়ায়। ওই পাঁচজন যাত্রীবাস থেকে নেমে রেললাইনে গিয়ে বসেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি ট্রেন তাদের ধাক্কা দিলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন থাকায় শোকের মাত্রা আরও বেড়ে গেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও জিআরপি পুলিশ দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
