মধ্যরাতে বাঘাবাড়ি তেল ডিপোতে জ্বালানি মন্ত্রীর আকস্মিক পরিদর্শন

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ২১:৫৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

উত্তরাঞ্চলের প্রধান নৌবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ি তেল ডিপো পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার মধ্যরাতে তিনি এ তেল ডিপো পরিদর্শন করেন। মন্ত্রীর এ পরিদর্শনে জেলাবাসীর মধ্যে প্রশংসার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওইদিন রাত ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের বাসা থেকে বের হন মন্ত্রী এবং প্রটোকলের দায়িত্বে থাকা পুলিশও জানতেন না মন্ত্রীর গন্তব্য। মন্ত্রী সিরাজগঞ্জ সার্কিট হাউসে গিয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রওনা হন এবং গাড়ির বহর নিয়ে গভীর রাতে বাঘাবাড়ি তেল ডিপোতে উপস্থিত হন।

এ সময় তেল ডিপো এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শন শেষে তিনি বলেন, দেশে তেলের কোনো সংকট নেই। সবগুলো ডিপোতে তেল দেওয়া হচ্ছে এবং ডিপো থেকে তেলও বের হচ্ছে। তেল বের হওয়ার পরও দেখা যাচ্ছে হাহাকার—দেশে তেল নেই। এটা কীভাবে সুষম করা যায়, সেসব বিষয়ে ডিপো ইনচার্জদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, বাঘাবাড়ি তেল ডিপোতে কোনো সিন্ডিকেট আছে কিনা তা খতিয়ে দেখতে হবে এবং চোরাকারবারি বন্ধ করতে হবে। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তাদের ডিপো এলাকায় খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন মন্ত্রী।