দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৫:৫৩ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। 

রোববার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর চন্ডিপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বাসের আরও অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

বিরামপুর থানার পরিদর্শক আতাউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম মোশাররফ হোসেন বাবু। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে। অন্য নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দিনাজপুর থেকে যাত্রী নিয়ে হেরিটেজ স্লিপার কোচ নামের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে চন্ডিপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাককে পেছন থেকে বাসটি সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়। শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। 

বিরামপুর থানার পরিদর্শক আতাউর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাঠানো হয়েছে। এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে প্রশাসন।