চুয়াডাঙ্গায় এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৮:১৬ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) আশফাকুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

এসময় জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর প্রতিনিধিরা তাদের বিগত মাসের কাজের অগ্রগতি এবং আগামী মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

যে সকল এনজিও সমূহ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে তাদেরকে সরকারি কারিকুলামে শিক্ষাকার্যক্রম পরিচালনা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আত্মহত্যা প্রবণতা কমানো, বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু নির্যাতন ও পাচার প্রতিরোধে এনজিওগুলোকে মাঠ পর্যায়ে উঠান বৈঠক করার আহ্বান জানানো হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে এনজিওগুলো সরকারের সহযোগী শক্তি হিসেবে কাজ করছে। জেলার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিটি এনজিওকে স্বচ্ছতার সঙ্গে তাদের অর্পিত দায়িত্ব পালন করতে হবে। সরকারি কারিকুলাম ব্যতীত শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যাবে না।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম তারিক উজ জামান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহা, জেলা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহআলম সনি, জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিবৃন্দ।