পদ্মায় গোসল করতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৯:৫০ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা সেতুর কাছে গোসল করতে গিয়ে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

রোববার (২৯ সার্চ) দুপুর ২টার দিকে মাওয়া পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. আরাফাত (১৭)। সে শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আরাফাত তার আরও তিন বন্ধুকে নিয়ে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় চারজনের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।

ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।