বীরগঞ্জে উত্তম কৃষি চর্চায় কৃষক-কৃষাণীদের দিনব্যাপী প্রশিক্ষণ

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১৬:৩২ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে উত্তম কৃষি চর্চা শীর্ষক দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের পার্টনার-এর সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ।

তিনি তার বক্তব্যে বলেন, মাটি পরীক্ষা করে জমিতে ফসল চাষ করতে হবে, নিজেরাই সার তৈরি করে তা ব্যবহার করতে হবে। উত্তম কৃষি চর্চার চারটি স্তম্ভ হলো—নিরাপদ খাদ্য, অর্থনৈতিক সৃষ্টিশীলতা, টেকসই পরিবেশ ও গ্রহণযোগ্যতা। প্রতিটি কৃষককে রাসায়নিকমুক্ত ফসল উৎপাদন করতে হবে। উৎপাদিত ফসল দেশ-বিদেশে রপ্তানি করে দেশের অর্থনৈতিক আয় বাড়াতে হবে। বর্তমান সরকার ২০২৬ সালে বিদেশে রপ্তানির জন্য ১০টি সবজি ও ৫টি ফল পাঠানোর জন্য কার্যক্রম গ্রহণ করেছে। কীভাবে ফসল উৎপাদন ও পরিচর্যা করলে কৃষকরা লাভবান হবেন, সে বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

৬০ জন কৃষক-কৃষাণীর অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আবু জাফর মো. সাদেক।

এছাড়া বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হায়দার আলী ও অতিরিক্ত কৃষি অফিসার মো. রকিবুল হাসান প্রামাণিক উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক হোসেনসহ ৬০ জন কৃষক-কৃষাণী। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের সনদ প্রদান করা হয়।