সিরাজগঞ্জে বিপুল পরিমাণ জাল টাকা ও মাদকসহ গ্রেপ্তার ৫
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১৭:৩৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের র্যাব-১২ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মাদক ও বিপুল পরিমাণ জাল টাকাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলো রবিউল ইসলাম (২০), আবুল হাসান (২৯), মোস্তাফিজুর রহমান (৩০), মনিরুজ্জামান (৩৯) ও রোজিনা বেগম (৩৫)।
র্যাব-১২’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া, পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সিরাজগঞ্জের সলংগা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার টাকার জাল নোটসহ রবিউল ইসলাম ও আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার ধোপাকান্দি গ্রামের পলাতক আসামি হাকিমের (৩৬) ভাড়া বাসা থেকে ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
এদিকে সোমবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বিলকুলি মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ বোতল ইস্কাফসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
