রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযানে ৮ জন গ্রেপ্তার

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ২১:৪২ | অনলাইন সংস্করণ

  রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (৩০ মার্চ) অভিযানের এ তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় বাংলাদেশ পুলিশ-এর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে একটি দল রিজার্ভ বাজার, হাসপাতাল এলাকা ও শহরের বিভিন্ন মাদক স্পটে অভিযান চালায়।

অভিযানকালে বেলাল হোসেন (৩০), সাব্বির (২৭), আরিফ (২৩), ওমর ফারুক (২৪), মেহেদী হাসান (৪০), হৃদয় (২০), ওসমান (২৬) ও আয়েছ (৩৩)-কে গ্রেপ্তার করা হয়। তারা সবাই রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।