গোয়ালন্দে জমি দখল নিয়ে হামলার ঘটনায় প্রধান আসামি কারাগারে
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ২১:৫৮ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে জমি দখলকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) গোয়ালন্দের আমতলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান এ আদেশ দেন।
এ সময় মামলার ১ নম্বর আসামি বেলাল মন্ডলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। তবে একই মামলার অপর পাঁচ আসামিকে স্থানীয়ভাবে জামিন প্রদান করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি সকালে উপজেলার উজানচর ইউনিয়নের ছব্দুল খারপাড়া এলাকার বেড়িবাঁধ সংলগ্ন একটি জমি ক্রয় করে ভোগদখলে ছিলেন ভুক্তভোগী রনি মন্ডল। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার জমিতে জোরপূর্বক প্রবেশ করে মাটি কাটার চেষ্টা করে।
পরদিন ১৮ জানুয়ারি বিকেলে রনি মন্ডল ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, তার জমির মাটি কাটা হচ্ছে। এর আগে একই এলাকার হেলাল মন্ডল ওই জমিটি কেনার প্রস্তাব দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর থেকেই অভিযুক্তরা বিভিন্নভাবে জমি দখলের চেষ্টা চালায় এবং তাকে হুমকি দিতে থাকে।
একাধিকবার জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে জমির সীমানা খুঁটি উপড়ে ফেলা এবং মাটি কেটে নেওয়ার অভিযোগও রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত শেষে প্রশাসন জমির সীমানায় বেড়া দেওয়ার নির্দেশ দেয়। তবে বেড়া দিতে গেলে হেলাল মন্ডল, বেলাল মন্ডল, দুলাল মন্ডলসহ অন্যান্য আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে রনি মন্ডল গুরুতর আহত হন।
পরে তিনি বাদী হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত বেলাল মন্ডলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
