চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ২১:৫৯ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় জ্বালানি তেল, সার ও বীজের বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৩০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার ভালাইপুর মোড় ও দৌলৎদিয়াড় এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, জ্বালানি তেল, ওষুধ, সার ও বীজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকির সময় একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ সময় মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয় ও সংরক্ষণের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ভালাইপুর বাজার এলাকার মেসার্স কুদ্দুস বীজ ভাণ্ডার ও কীটনাশক নামক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অবৈধভাবে সার বিক্রয় এবং বিক্রির ভাউচার সংরক্ষণ না করার অপরাধে একই আইনের ৪৫ ধারায় একই এলাকার মেসার্স নিউ তুষার ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, পরিমাপে কারচুপি বিশেষ করে ৫ লিটার তেলে ৩০০ মিলিলিটার কম দেওয়া এবং পরিমাপক যন্ত্রে কারচুপির অভিযোগে চুয়াডাঙ্গা শহরের অদূরে দৌলৎদিয়াড়ে অবস্থিত ‘মেসার্স রহমান অটোমোবাইল'কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই অভিযানে মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ঔষধ, বীজ ও শিশু খাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল।