স্ত্রীর ঘরে উঁকি দেওয়ায় কিল-ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধের, গ্রেপ্তার ১

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ২০:৩৪ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিল-ঘুষিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম নিয়াশা চন্দ্র দাস (৫৭)। তিনি লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা এবং মনীন্দ্র চন্দ্র দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী অসিম দাসের স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অভিযোগ তুলে সোমবার রাতে নিয়াশা চন্দ্র দাসকে ডেকে নিয়ে যান অসিমের ভাই মহাদেব। পরে তাকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

রাত আনুমানিক তিনটার দিকে তাকে দাসপাড়া হরি সভা মন্দিরের সামনে ডেকে আনা হয়। এ সময় মহাদেবের সহযোগী মাহবুব তাকে থাপ্পড় দিলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। এতে তার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকাবাসী মহাদেবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে অভিযুক্ত মাহবুব পলাতক রয়েছেন।

নিহতের বড় মেয়ে উর্মিলা মণ্ডল বলেন, ‘আমার বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে মারধর করে হত্যা করা হয়েছে। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। যারা এই হত্যাকাণ্ডে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি চাই।’

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ধীরেন দাস বলেন, ‘ধরে আনার পর মাহবুব থাপ্পড় দিলে নিয়াশার নাক-মুখ দিয়ে রক্ত বের হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।’

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মহাদেব নামের একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন।’