বীরগঞ্জে ৩০১ অতিদরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ২১:৫৯ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

বীরগঞ্জে ৩০১ অতিদরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অতিদরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন ও আয় বৃদ্ধি লক্ষ্যে “শর্তসাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি-২০২৬” বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে মোট ৩০১টি অতিদরিদ্র পরিবারকে মোট ৩ লাখ ১০ হাজার টাকা (বিকাশ খরচসহ) সহায়তা প্রদান করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ সহায়তা বিতরণ করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।

তিনি তার বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যেভাবে সারা দেশে জনকল্যাণে কাজ করে যাচ্ছে, তা অপরিসীম।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রর্বাট কমল সরকারসহ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির আওতায় ইতোমধ্যে মার্চ মাসে ১২৪টি পরিবার নগদ অর্থ সহায়তা পেয়েছে। বাকি ১৭৭টি পরিবারকে এপ্রিল ও মে মাসে পর্যায়ক্রমে এই সহায়তা প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এই সহায়তার মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো ক্ষুদ্র ব্যবসা, কৃষি কার্যক্রম ও অন্যান্য আয়ের উৎস তৈরিতে বিনিয়োগ করতে পারবে, যা তাদের স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এক সাক্ষাৎকারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রর্বাট কমল সরকার জানান, প্রতিটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা (বিকাশ খরচসহ) প্রদান করা হয়েছে।