চুয়াডাঙ্গায় এক ডজন মামলার আসামিসহ গ্রেপ্তার ২

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১৫:৫১ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে এক ডজন মামলার পলাতক আসামি মিলন হোসেন (৩৫) ও কাসেম আলী (৫৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বুধবার (১ এপ্রিল) ভোরের দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিলন হোসেন উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের আনসার আলীর ছেলে এবং এক ডজন মামলার পলাতক আসামি।

কাসেম আলী একই উপজেলার পাটাচুরা গ্রামের পাতার আলী ওরফে দ্বীন মোহাম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার ভোরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খান-এর নির্দেশে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন-এর নেতৃত্বে একদল পুলিশ পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মিলন হোসেন এক ডজন মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে দামুড়হুদা থানা, দর্শনা থানা ও চুয়াডাঙ্গা থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।

কাসেম আলী একটি মারামারি মামলার আসামি। তাদেরকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।