ফিলিং স্টেশনে ডিজেল কিনতে গিয়ে কৃষককে পিটিয়ে আহত
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১৬:৩১ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরের দামুড়হুদা ফিলিং স্টেশনে ডিজেল ক্রয় করতে এসে লস্কর আলী (৭০) নামে এক কৃষককে ফিলিং স্টেশনের কর্মচারী জাহিদুল ইসলাম রড দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। আজ বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে কৃষক লস্কর আলী ডিজেল ক্রয়ের উদ্দেশ্যে দামুড়হুদা উপজেলার দামুড়হুদা ফিলিং স্টেশনে আসেন। তিনি ফিলিং স্টেশনের কর্মচারী জাহিদুল ইসলামের কাছে পাঁচ লিটার ডিজেল টাকার বিনিময়ে দেওয়ার জন্য বলেন।
এ সময় কর্মচারী জাহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে লস্কর আলীর হাতে থাকা তেলের পাত্রটি ছুড়ে ফেলে দেন। এতে লস্কর আলী প্রতিবাদ করলে এক পর্যায়ে বাক-বিতণ্ডা হয়।
এরপর কর্মচারী জাহিদুল ইসলাম কৃষক লস্কর আলীকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
