টাঙ্গাইলে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১৭:৪৬ | অনলাইন সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল সড়ক বিভাগের উদ্যোগে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কার্যক্রমের অংশ হিসেবে মহাসড়কের পাশে সোনালু-জারুল-নিমের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান-সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পরিকল্পিতভাবে মহাসড়ক-সড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যাত্রীদের জন্যও উপকারী হবে।

তিনি জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কে সোনালু-জারুল-নিম গাছের চারা রোপণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। বুধবার এ কর্মসূচির উদ্বোধনী দিনে টাঙ্গাইল সড়ক বিভাগের উদ্যোগে পাঁচ শতাধিক সোনালু-জারুল-নিমের চারা রোপণ করা হচ্ছে।

বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন আশা প্রকাশ করেন, ধারাবাহিকভাবে এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি পরিবেশবান্ধব সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

এ সময় টাঙ্গাইল সড়ক ও জনপথ এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।