ট্রেন লাইনচ্যুত: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ২৩:১১ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী ৯৫১ নম্বর তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করার পর শাহপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ করে এর বেশ কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে রেললাইনের ক্ষতি হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। রেলওয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, লাইন সংস্কার ও উদ্ধার কাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে পড়ে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
