দামুড়হুদায় জমিজমা বিরোধের জেরে সংঘর্ষে আহত ৫
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৭:২৬ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গায় দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে।
আজ বুধবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে উপজেলার দর্শনা থানাধীন মদনা-পারকৃষ্টপুর ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামে জমিজমা বিরোধকে কেন্দ্র করে আব্দুল মান্নান ও ইসমাইল গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে মান্নান গ্রুপের মান্নানের ছেলেসহ ৫ জন গুরুতর আহত হয়। তাদের পরিবারের সদস্যরা উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
