সিরাজগঞ্জে বিপুল পরিমাণ তেল উদ্ধার, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৮:২৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পানির ট্যাংকিতে মজুদ রাখা প্রায় ১৩’শ লিটার তেল (ডিজেল) উদ্ধার করছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে এ তেল মজুদ রাখার দায়ে ব্যবসায়ী শাহাদত হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার চড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ওই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পানির ট্যাংকির মধ্যে মজুদ রাখা ১২৯৭ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে একই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কামেলেরচক এলাকায় মেসার্স হাজী এন্ড সন্স নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে ওই প্রতিষ্ঠানে পেট্টোলিয়াম এজেন্সির লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।