পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৯:১৯ | অনলাইন সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মিভুত হয়ে গেছে।
বুধবার দিবাগত রাতে উপজেলার পাঁচগাচী ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের জয়দাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এতে দুটি টিনের ঘর, গোয়াল ঘর, দুটি গরু, ধান-চাল, সন্তানদের পড়ালেখার বইপত্র, অর্ধশতাধিক হাঁস-মুরগি ও কবুতরসহ পরিবারটির পাঁচ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে।
জয়দাল বলেন, এশার নামাজ শেষে হঠাৎ আমার বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন পথে বসেছি। পীরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থল পৌঁছানোর আগেই সব পুড়ে শেষ হয়।
ইউনিয়নটির প্যানেল চেয়ারম্যান সুলতান মন্ডল বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি এবং দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
