রংপুরে অটিজম শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৯:৫৬ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় অটিজম শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রমিজ আলম বলেন, খেলাধুলা শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, পাশাপাশি সুস্থ জীবন গঠনের জন্যও এটি অত্যন্ত প্রয়োজনীয়। নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে, কর্মক্ষমতাও বৃদ্ধি করে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সৃষ্টি করে। এর ফলে দেশপ্রেম, সাহসিকতা ও ভ্রাতৃত্ববোধের মতো মানবিক গুণাবলি বিকশিত হয়।
খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠা সুস্থ ও সচেতন প্রজন্মই আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এজন্য তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে রংপুর জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।
