ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ২২:১৮ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ, তিল, পাট ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে পাবনার ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা কৃষি অফিসের সামনের চত্বরে কর্মসূচির আওতায় মোট ১ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে পাট বীজ পেয়েছেন ১০০ জন, মুগ বীজ ৩৫০ জন, তিল বীজ ২৫০ জন এবং উফশী আউশ ধানের বীজ পেয়েছেন ৩০০ জন কৃষক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মো. হাসান মোহাম্মদ শোয়েইব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ মো. আব্দুল মমিন, কৃষি সম্প্রসারণ অফিসার প্রহল্লাদ কুমার কুন্ডু, উপজেলার আড়মবাড়িয়া ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল আলিম, আড়মবাড়িয়ার কৃষক ব্রিগেড, গোপালপুর এলাকার কৃষক চাদু ফকির প্রমুখ।
অনুষ্ঠান সমন্বয় করেন উপ-সহকারী কৃষি অফিসার জাহিদ হাসান হিরোক।
এই কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সুরক্ষা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। উপজেলা কৃষি অফিসার আব্দুল মমিন বলেন, বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার সরবরাহের ফলে কৃষকরা সহজেই খরিপ মৌসুমে আবাদ সম্প্রসারণে উৎসাহিত হবেন এবং ফসলের উৎপাদনও বাড়বে।
কৃষি কর্মকর্তা ও কৃষকদের মতে, এ ধরনের সরকারি প্রণোদনা কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে চাঙা করার পাশাপাশি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আগ্রহী করে তোলে, যা দেশের সামগ্রিক কৃষি উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
