পাওনা টাকা চাইতে গিয়ে দায়ের কোপে আহত ২
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১৬:৫৩ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শহরের উত্তরপাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে নিশান (৩৫) ও আশিক (২৬) নামে আপন দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহত নিশান ও আশিক জীবননগর উপজেলা শহরের উত্তরপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলা শহরের উত্তরপাড়া এলাকার নিশান একই পাড়ার দীন মাহমুদের ছেলে সোহরাব হোসেনের কাছে পাওনা টাকা চাইতে যায়। তবে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহরাব হোসেন ও তার ভাই মোস্তাক তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। আহতদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহত নিশানের বাবা আব্দুল খালেক জানান, পাওনা টাকা চাইতে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে প্রতিবেশী দীন মোহাম্মদের ছেলে সোহরাব ও তার ভাই মোস্তাকসহ তার লোকজন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, ঘটনাটি আমার জানা নেই। অভিযোগ এলে তদন্ত-পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
