রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১৯:০০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের বি-ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রবির তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজসহ (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২) মোট ৩টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বি-ইউনিটে মোট ২৮৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৮৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৮২.৭৩ শতাংশ।
ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও ক্লাবসমূহ নিয়োজিত ছিল। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে পরীক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকদের জন্য পরীক্ষা কেন্দ্রের পাশে ব্যবস্থা করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম নিয়োজিত ছিল।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের নিকট রবির জিএসটি ভর্তি পরীক্ষার আয়োজন সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে আমরা পরীক্ষা দিতে পেরেছি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সবাই আন্তরিক। এছাড়াও শাহজাদপুর নামার পরেই দেখলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে পরীক্ষা কেন্দ্রগুলোতে আসার জন্য দিকনির্দেশনামূলক ব্যানার লাগানো হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোর পাশেই আমাদের ও অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রবির ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার জিএসটি 'বি-ইউনিটের' ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তীতে ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘এ-ইউনিটের’ পরীক্ষা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, শুক্রবার সারাদেশে গুচ্ছভুক্ত মোট ২০টি বিশ্ববিদ্যালয়ের ‘বি ইউনিটের’ ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। ইতঃপূর্বে ২৭ মার্চ ‘সি-ইউনিটের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১০ এপ্রিল শুক্রবার ‘এ-ইউনিটের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
