কক্সবাজার কেন্দ্রিক স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ২০:৫৪ | অনলাইন সংস্করণ

  কক্সবাজার অফিস

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার খেলাধুলার প্রতিটি ইভেন্টকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আগামী শিক্ষা বছর থেকে জাতীয় শিক্ষাক্রমে ক্রীড়াকে চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক বিষয় করার উদ্যোগ নিচ্ছে সরকার।

কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সহজ নয়। তবে চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে কাজ চলছে এবং ভবিষ্যতে পরিস্থিতি উন্নত করার চেষ্টা অব্যাহত থাকবে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, কক্সবাজার শুধু দেশের নয়, আন্তর্জাতিক পর্যটকদের কাছেও একটি পরিচিত নাম। তাই স্পোর্টস ট্যুরিজমের মাধ্যমে এই জনপ্রিয়তাকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে দর্শকরা ভিন্ন অভিজ্ঞতায় খেলা উপভোগ করে, সেই ধারণা মাথায় রেখে কক্সবাজারেও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এজন্য সবার সহযোগিতাও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

এর আগে, সকালে কক্সবাজারে এসে প্রতিমন্ত্রী সৈকতের লাবণী পয়েন্টে ‘অষ্টম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করেন। পরে তিনি সার্ফিংয়ের নির্ধারিত স্থান পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এছাড়া, কক্সবাজার জেলা স্টেডিয়ামের অবকাঠামো, স্পোর্টস ভিলেজ এলাকা, বিকেএসপি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের কার্যক্রমও তিনি পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, শাহজাহান চৌধুরী, জেলা প্রশাসক মো. আ. মান্নানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।